যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় কংগ্রেসের শুনানিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আনা হয়েছে। সাবেক এই প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও সাক্ষ্য দিয়েছেন বাবার বিরুদ্ধে।
কমিটির রিপাবলিকান দলীয় ভাইস চেয়ারম্যান লিজ চেনি বলেছেন, ট্রাম্প ওই হামলার ঘটনায় ‘আগুনে ঘি ঢেলেছিলেন’। অন্যদিকে, ডেমোক্র্যাট দলীয় সদস্য বেনি থম্পসন বলেছেন, ওই দাঙ্গা আমেরিকার গণতন্ত্রকে সংকটাপন্ন করে তুলেছিল।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ওই হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। তখন কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। প্রায় এক বছর তদন্তের পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যক্রম শুরু করে। শুরুতেই ট্রাম্পের ঘনিষ্ঠ যারা ছিলেন, তাদের সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ দেখানো হয় সেখানে। শুরুতেই সাবেক অ্যাটর্নি জেনারেল বিল বারে ভিডিও সাক্ষ্য উপস্থাপন করা হয়। সেখানে তিনি ট্রাম্পের মিথ্যা দাবিকে ‘বুলশিট’ বলে উল্লেখ করেন। তার এ বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন ইভাঙ্কা। তিনি বলেন, ‘আমি অ্যাটর্নি জেনারেল বারকে শ্রদ্ধা করি। সুতরাং তিনি যা বলছেন, তা আমি মেনে নিচ্ছি।’