ভারতে বিজেপি নেত্রী কর্তৃক রাসুল (সা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে গতকাল শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর চত্বরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ কয়েকটি ইসলামি দল। এদিকে ইসলামি দলগুলোর কর্মসূচি থাকায় সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। মসজিদের সব প্রবেশপথে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
সমাবেশে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর) বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী সরকার ক্ষমতার পাগল। ক্ষমতার নেশায় তারা ভারতের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনতে পারছে না।’
বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড় হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে আবার বায়তুল মোকাররমের সামনে গিয়ে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে বিক্ষোভ-পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।