জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাধীন চলচ্চিত্র উৎসবে দোজার ‘হাউসের ধুয়া’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘প্রথম স্বাধীন চলচ্চিত্র উৎসব-২০২২’। তিন দিনব্যাপী উৎসবটি গত ১০ জুন শুরু হয়েছে চলবে ১২ জুন পর্যন্ত। আগামী ১২ জুন প্রদর্শিত হবে তরুণ চলচ্চিত্র নির্মাতা মোঃ রাসেল রানা (দোজা) পরিচালিত স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘হাউসের ধুয়া’।

প্রাচীন লোকসংগীতের অন্যতম একটি ধারা ধুয়া গানকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি ইতিমধ্যে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি, চলচ্চিত্র সংসদ এবং জহির রায়হান চলচ্চিত্র সংসদের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী ও ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছে। চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মারিয়াম নূর’, ‘অলাতচক্র’, ‘চন্দ্রাবতী কথা’ এবং ‘নোনাজলের কাব্য’ সিনেমা চারটি এবং বাংলাদেশসহ ২০টি দেশ থেকে প্রেরিত ১৬৫টি শর্টফিল্মের মধ্য থেকে বাছাইকৃত ২৫টি শর্টফিল্ম প্রদর্শিত হবে।

উৎসবে দেশের স্বনামধন্য পরিচালক কাজী হায়াতকে আজীবন সম্মাননা এবং কীর্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে। ডিরেক্টর'স টকে থাকবেন আলোচিত ওয়েব সিরিজ 'শাটিকাপ' এর পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম।

এবারের আয়োজনের উৎসবপ্রধান হিসেবে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী এবং আহ্বায়ক হিসেবে থাকবেন চলচ্চিত্র আন্দোলনের সভাপতি শামসুজ্জোহা স্থির। উৎসবের পাশাপাশি সিনেমা এবং পরিচালনা সংক্রান্ত ৪টি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।