উখিয়ায় হাত-মুখ বাঁধা রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার



কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক যুবকের হাত মুখ বাঁধা অবস্থায় এক মরদেহ উদ্ধার করেছে আর্মড  পুলিশ। নিহত যুবক উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সমিন (৩০)।

শুক্রবার (১০ জুন) রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেন। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, ক্যাম্পের বাসিন্দারা সমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এপিবিএনকে খবর দেয়। তারা তাকে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সমিনের সারা শরীরে লাঠি ও রডের আঘাতের চিহ্ন আছে। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে। 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সুরতহাল শেষে সমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে ওই ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে উখিয়া ক্যাম্প-১৮ তে রোহিঙ্গা নেতা আজিম উল্লাহ সন্ত্রাসীদের হামলায় নিহত হন। এসময় গুরুতর আহত হন আরও দুইজন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারনামীয় তিন আসামিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান।