পাবনার ভাঁড়ারা ইউপি নির্বাচন

নির্বাচনী এলাকায় না যেতে সংসদ সদস্য প্রিন্সকে ইসির চিঠি

আচরণবিধি লঙ্ঘন করে পাবনার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদে নৌকার নির্বাচনী প্রচারে অংশ নেয়ায় পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার দুপুরের সংসদ সদস্য নিজে চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। নির্বাচনকালীন সময়ে তাকে নির্বাচনী এলাকায় না যেতেও বলা হয়েছে।

জেলা নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ভাঁড়ারা ইউপির খতিব আবু জাহিদ উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রতি নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খানের পক্ষে প্রচারে অংশ নেন। এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে উল্লেখ করে এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান খান।

রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত শুক্রবার রাতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচন কার্যক্রমে অংশ নিতে পারবেন না। আগামী ১৫ জুন অনুষ্ঠেয় ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর বিধি ২২ এর (১) ও (২) অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি মাননীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ না করতে আপনাকে বিনীতভাবে অনুরোধ করা হলো।

এদিকে, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের রবিবার নৌকার প্রার্থী আবু সাঈদ খানের নির্বাচনের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে। এর আগে গত ৩ জুন সদরের ভাঁড়ারা ইউনিয়নের খতিব আব্দুল জাহিদ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বিদ্যালয়ের ভবন উদ্বোধনের ব্যানারে নৌকার প্রার্থী আবু সাঈদ খানের নির্বাচনী সভায় নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেও মূল আকর্ষণ কিন্তু নির্বাচনী জনসভা। আগামী ১৫ জুন নৌকাকে বিজয়ী করে জননেত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। গত ২৬ ডিসেম্বর সদরের ৯টি ইউনিয়নে নৌকার পরাজয় হলেও ভাঁড়ারাতে নৌকার জিততে হবে। নৌকাকে জেতানোর জন্য আপনারা ঝাঁপিয়ে পড়ুন।’

এই সভার পর ঘোড়া মার্কা প্রতীকের সুলতান মাহমুদ অভিযোগ করে বলেন, এমপি সাহেব খতিব জাহিদ উচ্চবিদ্যালয়ের ভবন উদ্বোধনের নামে নির্বাচনী সভা করে গেছেন। নৌকার পক্ষে ভোট চাইছেন। সভায় অন্তত দুই-তিন হাজার মানুষ হয়েছিল। নিয়ম অনুযায়ী তিনি এভাবে তো সভা করতে পারেন না। তার উপস্থিতিতে নৌকা প্রার্থীর সমর্থকেরা আমাদের নানা হুমকি দিয়ে বক্তব্যও দিয়েছেন।

এ বিষয়ে পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, আমি নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ওয়াকিবহাল আছি। সেদিন আমি ওই স্কুলের একটি ভবন উদ্বোধন করতে গিয়েছিলাম, নির্বাচনী প্রচারে না। সেখানে আবু সাঈদ খান এসেছিল। যেহেতু সে দলীয় প্রার্থী এবং দলীয় পদে রয়েছে, সেহেতু নির্বাচন নিয়ে কিছু কথা হয়েছিল। এর প্রেক্ষিতে হয়তো অন্য প্রার্থীরা অভিযোগ দিয়েছিল। ফলে নির্বাচন কমিশন এই চিঠি দিয়েছে। সংসদ সদস্য হলেও আমি আইনের ঊর্ধ্বে নই।

পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বিষয়টি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। একজন এমপি এভাবে স্থানীয় সরকার নির্বাচনে সমাবেশ বা নির্বাচনী অনুষ্ঠানে ভোট চাইতে পারেন না। গত ৩ জুন একটি বিদ্যালয়ে বিল্ডিং উদ্বোধন করতে গিয়ে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চান। বিষয়টি স্থানীয়ভাবে জানানো হলো এমপি মহোদয়কে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর ইউপি নির্বাচনী প্রচারণার সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খানের (৫২) সঙ্গে সংঘর্ষে আরেক চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম (৩৫) নিহত হন। এ ঘটনায় ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করে ইসি। পরে গত ২৮ এপ্রিল নির্বাচন কমিশন থেকে আগামী ১৫ জুন নির্বাচন করতে তফসিল ঘোষণা করা হয়।