উত্তর কোরিয়ার ঝানু কূটনীতিক শোয়ে সুন-হুইকে দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন সেখানকার সর্বোচ্চ নেতা কিম জং উন। গতকাল শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। এতদিন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দেশটির সামরিক কর্মকর্তা রি সন গোয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী ছিলেন শোয়ে সুন-হুই। সর্বশেষ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপে দেশের কূটনৈতিক দলের নেতৃত্ব দিয়েছিলেন রি সন গোয়ান। শনিবার উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ফোরামের বৈঠকে চোয়েকে দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করেন কিম। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে উচ্চশিক্ষিত শোয়ে সুন-হুই কোরিয়ান ভাষার পাশাপাশি ইংরেজিতেও দক্ষ। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে বৈঠকে করতে কিম জং উনের নেতৃত্বে যে প্রতিনিধিদলটি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গিয়েছিল, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শোয়ে। কোনো সিদ্ধান্ত এবং চুক্তি ছাড়াই শেষ হয়েছিল সেই বৈঠক, এবং এজন্য সেসময় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল উত্তর কোরিয়া। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এজন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে শোয়ে বলেছিলেন, ‘আমি মনে করি, আমাদের প্রস্তাব বাতিল করার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি সোনালি সুযোগ হাতছাড়া করল।’