‘বাজেটে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রস্তাব বেআইনি ও অনৈতিক’

কর পরিশোধের মাধ্যমে বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত আনার প্রস্তাব অনৈতিক ও বেআইনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এ মন্তব্য করেন তিনি।

ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, প্রস্তাবিত বাজেটে বিত্তবান, ব্যবসায়ী, মুনাফাভোগী ও অর্থ পাচারকারীদের স্বার্থ দেখা হয়েছে। মুদ্রা পাচারকারী দেশদ্রোহীদের অর্থ দেশে ফিরিয়ে আনার যে সুযোগ দেয়া হয়েছে, তা কোনভাবেই সমর্থন করা যায় না। অর্থমন্ত্রীকে এই বাস্তবতা অনুধাবন করতে হবে। দেশের অর্থনীতিতে অভিবাসীদের অবদান বিবেচনায় তাদের প্রতি আরও সদয় হতে হবে। রেমিট্যান্সের ওপর ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার সুযোগে মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িতরা উপকৃত হচ্ছে।

মেগা প্রকল্পের ঋণ পরিশোধে পর্যাপ্ত প্রস্তুতি না থাকলে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গভর্নর বলেন, আগামী তিন বা চার বছর পর কয়েকটি প্রকল্পের ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধে পর্যাপ্ত প্রস্তুতি না থাকলে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে, বাংলাদেশের জনগণ শ্রীলঙ্কার মতো এই দেশে কোন শ্বেতহস্তী প্রকল্প হতে দেবে না। আমাদের অবস্থা কখনো শ্রীলঙ্কার মতো হবে না। বাংলাদেশে অর্থনীতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দক্ষতার পরিচয় দিয়েছেন শ্রীলঙ্কার রাজনৈতিক নেতৃত্ব তা পারেনি। 

শ্রীলঙ্কার সংকট উত্তরণে করণীয় শীর্ষক ছায়া সংসদে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শ্রীলঙ্কার মতো রাতারাতি মেগা প্রকল্পের পেছনে ছুটতে গিয়ে আমরা যাতে হোঁচট না খাই সেদিকে সজাগ থাকতে হবে। আমরা যে সব প্রকল্পে বিনিয়োগ করেছি শ্রীলঙ্কার মতো তার রিটার্ন সঠিক সময়ে না আসলে অর্থনীতিতে বিপর্যয় আসতে পারে। প্রকল্পের মেয়াদ ও ব্যয় যাতে অকারণে বেড়ে না যায় সেদিকে নজর দিতে হবে।

প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিতার্কিকেরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক ড. শাকিলা জেসমিন, উম্মান নাহার আজমী ও আরিফুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।