কর পরিশোধের মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত আনার প্রস্তাব অনৈতিক ও বেআইনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এসব কথা বলেন তিনি।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘প্রস্তাবিত বাজেটে বিত্তবান, ব্যবসায়ী, মুনাফাভোগী ও অর্থ পাচারকারীদের স্বার্থ দেখা হয়েছে। মুদ্রা পাচারকারী দেশদ্রোহীদের অর্থ দেশে ফিরিয়ে আনার যে সুযোগ দেওয়া হয়েছে তা কোনোভাবেই সমর্থন করা যায় না। অর্থমন্ত্রীকে এই বাস্তবতা অনুধাবন করতে হবে। দেশের অর্থনীতিতে অভিবাসীদের অবদান বিবেচনায় তাদের প্রতি আরও সদয় হতে হবে। রেমিট্যান্সের ওপর ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার সুযোগে মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িতরা উপকৃত হচ্ছে।’
মেগা প্রকল্পের ঋণ পরিশোধে পর্যাপ্ত প্রস্তুতি না থাকলে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গভর্নর বলেন, ‘বাংলাদেশে মেগা প্রকল্পের জন্য যে ঋণ নেওয়া হয়েছে আগামী তিন বা চার বছর পর কয়েকটি প্রকল্পের ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধে পর্যাপ্ত প্রস্তুতি না থাকলে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
‘শ্রীলঙ্কার সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘শ্রীলঙ্কার মতো রাতারাতি মেগা প্রকল্পের পেছনে ছুটতে গিয়ে আমরা যাতে হোঁচট না খাই সেদিকে সজাগ থাকতে হবে। প্রকল্পের মেয়াদ ও ব্যয় যাতে অকারণে বেড়ে না যায় সেদিকেও নজর দিতে হবে।’