দাসুন শানাকার অবিশ্বাস্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়েছে শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে লঙ্কানরা।
অধিনায়কসুলভ ব্যাটিংয়ে দলকে হার থেকে বের করে আনেন শানাকা। জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১৯ রান। স্ট্রাইকে এসে ব্যাটে ঝড় তোলে কেন রিচার্ডসনের মুখ মলিন করে দেন তিনি।
শেষ ওভারের পঞ্চম বলে ছয় মেরে ফিফটির ঘরে পা রাখেন ৩০ বছর বয়সী ব্যাটার। আর তাতেই হলো রেকর্ড। টি-টোয়েন্টিতে রান তাড়ায় ডেথ ওভারে পঞ্চাশোর্ধ্ব স্কোর গড়া একমাত্র ক্রিকেটার হওয়ার কীর্তি গড়লেন শানাকা। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। শনিবার পাল্লেকেল্লেতে প্রথমে ব্যাট করে ১৭৭ রানের লক্ষ্য দেয় অজিরা। জবাব দিতে নেমে ফের বিপদে পড়ে শ্রীলঙ্কা। ১০৮ রান করতেই তারা হারিয়ে বসে ৬ উইকেট।
এরপর সপ্তম উইকেটে চামিকা করুনারত্নের সঙ্গে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শানাকা। শেষ ১৮ বলে তাদের দরকার ছিল ৫৯ রান। অবিশ্বাস্য কাজটিই করে মাঠ ছাড়েন দুজনে।
২৫ বলে পাঁচ চার ও চারটি ছয়ে ২৫ বলে ৫৪ রান করেন শানাকা। ঝাই রিচার্ডসন ও কেন রিচার্ডসনকে দিয়েছেন দুঃস্বপ্নের রাত উপহার। দুই অজি পেসারের প্রত্যেকে দিয়েছেন চল্লিশোর্ধ্ব রান।