ক্যামেরার সামনেই মারামারিতে জড়ালেন আদর আজাদ, ছিলেন বুবলীও

১৭ জুন মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমা। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক আদর আজাদ চৌধুরী ও শবনম বুবলী। সিনেমা মুক্তির আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলো টিম তালাশ। এবার ক্যামেরার সামনেই মারামারিতে জড়ালেন আদর আজাদ ও যোজন মাহমুদ। যেখানে আদরের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী ও পরিচালক সৈকত নাসির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওটি বেসরকারি এক টেলিভিশনের টকশো বলা হলেও পরিচালক সৈকত নাসির জানান, সেটা কোনো টকশো ছিল না। শনিবার (১১ জুন) ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় আলোচনা করছে ‘তালাশ’ টিম। আর সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। যা এরই মধ্যে অন্তর্জালে ছড়িয়ে গেছে। তবে অভিযোগ উঠেছে, নিজেদের ছবির দিকে দৃষ্টি ফেরাতেই সাজানো এই মারামারি করেছেন নায়ক আদর আজাদ। যেখানে বুবলীও সামিল হয়েছেন। তবে তিনি আদরকে থামানোর চেষ্টা করেন। এদিকে সিনেমার প্রচারণার জন্য এমন মারামারি শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন অনেক চলচ্চিত্র সমালোচক। ফেসবুকেও চলছে নানা সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, সহশিল্পী যোজন মাহমুদ চিত্রনায়ক আদরের গেটআপ ও আচরণের সমালোচনা করছেন। তিনি বলেন, ‘পাঁচ মিনিট আগেও বের হয়ে গেছে। নিচে নেমেছে। সে তো দায়িত্বশীল না। ক্যারেক্টারের ভেতর থেকে বের হতে পারে নাই। দেখেন তার চেহারা।’ এমন সময় পরিচালক সৈকত নাসির বলেন, ‘আমাদের ক্যামেরা বন্ধ করা উচিত।’  ঠিক তখনই আদর উঠে এসে উপস্থাপককে কয়েকবার চড় মারেন। এমনকি তাকে ক্যামেরার সামনে টেনে এনে লাথি মারেন। যদিও সমালোচনা শুরু হয়েছে, ছবি প্রচারণার জন্য এমন কাজ করেছেন তারা।

বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে দেশ রূপান্তরকে পরিচালক সৈকত নাসির বলেন, ‘আমরা কোনো টেলিভিশনের টক শোতে অংশ নিইনি। মূলত মেকিং অফ স্টোরি বানাচ্ছিলাম নিজেরা নিজেরাই। এখানে কোনো সাংবাদিক ছিলেন না, কোনো চ্যানেলও ছিল না। এর বাইরে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না এই মুহূর্তে। সংবাদ সম্মেলন করে সব পরে জানাব।’

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত “তালাশ” সিনেমার কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র।