পরীক্ষার কক্ষে চাপাতি নিয়ে অষ্টম শ্রেণির ছাত্র!

টাঙ্গাইলের মির্জাপুরে পরীক্ষার কক্ষে চাপাতি নিয়ে প্রবেশ করায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলা সদরের সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ে।

জানা গেছে, ওই বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। রবিবার ছিল অষ্টম শ্রেণির বিশ্বপরিচয় পরীক্ষা। ৫ নম্বর কক্ষে ওই ছাত্র প্যান্টের পকেটে চাপাতি নিয়ে প্রবেশ করে। এ সময় পরীক্ষার কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আলো রানী পোদ্দারের সন্দেহ হলে তিনি পকেট থেকে চাপাতিটি বের করতে বলেন। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানকে অবহিত করেন।

পরে প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত ছাত্রের অভিভাবকের অঙ্গীকারনামা রেখে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কারের নির্দেশ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযযুক্ত ছাত্রের অভিভাবকের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে চাপাতি নিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশের ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।