রাজধানীর ঝিগাতলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় ৯৯৯-এ কল পেয়ে অভিযুক্ত যুবককে আটক করেছে হাজারীবাগ থানা পুলিশ। আটক হওয়া ওই যুবকের নাম মাহবুব মোর্শেদ।
গতকাল রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর জনসংযোগ শাখার পুলিশ ইন্সপেক্টর আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার হাজারীবাগ থানার ঝিগাতলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের কাছ থেকে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর বাবা রবিবার সকাল ৭টায় ৯৯৯-এ ফোন করে জানান, তার মেয়ে হেঁটে বাসা থেকে ঝিগাতলায় যাওয়ার পথে এক বখাটে ছেলে তাকে জাপটে ধরার চেষ্টা করে। তার মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছেলেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর মাঝেই তিনি ঘটনাস্থলে হাজির হন। এরপর স্থানীয়রা মিলে ওই যুবককে ধাওয়া করে আটক করেন। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।