চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে আম স্পেশাল ট্রেন চালু আজ

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল টানা তৃতীয়বারের মতো রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে একটি ‘বিশেষ আম ট্রেন’ চালু করবে। আজ সোমবার থেকে প্রায় ৩০০ মেট্রিক টন ধারণক্ষমতার ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। বাসস

রেলওয়ের আঞ্চলিক মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, আম ব্যবসায়ী ও চাষিদের কল্যাণে কম খরচে আম পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আম উৎপাদনকারী এলাকা থেকে আমচাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে ঢাকায় আম পরিবহনের জন্য সোমবার থেকে ট্রেন চালুর সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রেলপথের ১১টি স্টেশনে আমবোঝাই করার জন্য ট্রেনটি থামবে। পার্সেল বুকিং এবং আনলোডিংয়ের ওপর ভিত্তি করে পার্সেল ট্রেনের অন্যান্য স্টেশনে স্টপেজ থাকতে পারে।’

প্রায় ৩০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টা এবং রাজশাহী স্টেশন থেকে বিকেল ৫টা ৫০ মিনিটে ছেড়ে রাত ২টায় ঢাকায় পৌঁছাবে।