মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

কক্সবাজারে আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উখিয়া থানা পুলিশ অভিযোগপত্রটি আদালতে দাখিল করে। তাতে ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, যে ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাদের মধ্যে ১৫ জন বর্তমানে কারাগারে রয়েছে। অন্য ১৪ জন পলাতক।

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।