মোবাইল ফোনে কথা বলছিলেন মা, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলের

মোবাইল ফোনে কথা বলছিলেন মা। ওই সময়ে শিশু ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে রাজধানীর কদমতলীর জুরাইন মেডিকেল রোড এলাকায়। 

বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিশুর নাম ইয়াছিন হাওলাদার (১২)। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার আলীপুর গ্রামে।

পুলিশ জানায়, ঘটনার সময়ে শিশুটির মা বাসাতেই ছিলেন। তিনি তখন এক স্বজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত ছিলেন। ওই সময়ে শিশু ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাত সোয়া ১০টার দিকে ইয়াছিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ইয়াসিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্বজনেরা জানান, ইয়াছিন বাবা-মায়ের সঙ্গে কদমতলীতে ভাড়া বাসায় থাকতো। বাবা আলম হাওলাদার পেশায় ভ্যানগাড়ি চালক। মা নাদিয়া একটি কারখানায় কাজ করেন।