চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৯২০ কেজি বিষাক্ত জেলি মেশানো চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় পাচারের উদ্দেশ্য নিয়ে আসা ৫২টি সামুদ্রিক কচ্ছপও জব্দ করা হয়।
গত সোমবার মধ্যরাতে হরিণা ফেরিঘাটে এ অভিযান চালানো হয়। গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হরিণা ফেরিঘাটে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিষাক্ত জেলিযুক্ত ৯২০ কেজি চিংড়ি ও ৫২টি সামুদ্রিক কচ্ছপ জব্দ করা হয়। জব্দ করা চিংড়ি গতকাল সকালে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়। কচ্ছপগুলো ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।