বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এপিএস মন্মথ রঞ্জন বাড়ৈ (মনি) বরখাস্ত হয়েছেন। কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পালানোর অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক স্বাক্ষরিত এই বরখাস্তের প্রজ্ঞাপন গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংস্কৃত বিষয়ের সহযোগী অধ্যাপক মন্মথ রঞ্জন বাড়ৈ ২০২০ সালের ১২ এপ্রিল থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কারণ দর্শানো নোটিস প্রদান করা হয়। অভিযুক্ত কর্মকর্তা কারণ দর্শানো নোটিসের জবাব না দেওয়ায় বিধি অনুযায়ী বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মন্মথ রঞ্জন বাড়ৈর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গুরুদন্ড আরোপপূর্বক ‘চাকরি হতে বরখাস্ত’ করার সিদ্ধান্ত নেওয়া হয়।