কুয়েতকে চিকিৎসক ও নার্স নেওয়ার অনুরোধ

কুয়েতকে বাংলাদেশ থেকে আরও চিকিৎসক ও নার্স নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াতের সঙ্গে বেঠকে এ অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রদূতের কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি করোনা মহামারী চলাকালে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিনামূল্যে টিকা ও চিকিৎসা প্রদানের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

ড. মোমেন বিদায়ী রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জনশক্তি, ব্যবসাবাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে ভালো দ্বিপক্ষীয় সম্পর্কে রয়েছে।

রাষ্ট্রদূত বাংলাদেশে থাকাকালে পাওয়া সহযোগিতা ও সমর্থনের জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনে দুই দেশের পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।