পাকিস্তানের অর্থনীতি সচল রাখতে দেশটির জনগণকে চা পান কমাতে বলেছেন জ্যেষ্ঠ মন্ত্রী আহসান ইকবাল। খবর বিবিসির।
দিনে কয়েক কাপ চা কম খেলে পাকিস্তানের উচ্চ আমদানি খরচ অনেকটা কমে আসবে বলে জানান মন্ত্রী।
দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুবই কম। বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে, তা দিয়ে দুই মাসের আমদানি ব্যয়ও মেটানো যাবে না।
পাকিস্তান বিশ্বের বৃহত্তম চা আমদানিকারক। গত বছর দেশটি ৬০০ মিলিয়ন ডলারের বেশি চা কিনেছে।
পাকিস্তানি মিডিয়ার বরাতে বিবিসি জানায়, মন্ত্রী ইকবাল বলেছেন, দিনে এক থেকে দুই কাপ কম চা খেতে আমি জাতির প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ আমরা ঋণের মাধ্যমে চা আমদানি করি।
বিদ্যুৎ খরচ কমাতে রাত সাড়ে ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন তিনি।
পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমতে থাকায় তিনি এই আহ্বান জানান। উচ্চ আমদানি খরচ কমাতে এবং দেশে তহবিল রাখার জন্য সরকার চাপের মধ্যে রয়েছে।
চা পান কমাতে মন্ত্রীর অনুরোধটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই সন্দেহ করছেন যে দেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে।