আমি আশাবাদী লোক: রিফাত

নিজের জয় নিয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। একই সাথে অন্য কেউ জয়ী হলে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার কথা বলেছেন তিনি। 

বুধবার সকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। এ সময় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিফাত বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ, তবে যে বিজয়ী হবে তাকে ফুলের মালা দেব। আমি আশাবাদী লোক, নিরাশার ধারেকাছেও থাকতে চাই না। সবাইকে বলব আশাবাদী হও। ভোটারদের বলব, আজকে সারা দিন নৌকা মার্কায় ভোট দিন।

ভোটের পরিবেশের বিষয়ে তিনি বলেন, ভোটের পরিবেশ চমৎকার। আপনারা দেখেন পোলিং এজেন্টরা সসম্মানে যার যার জায়গায় আছেন। আমি এখন পর্যন্ত চমৎকার পরিবেশ দেখছি।

কুমিল্লা সিটিতে ২৭টি ওয়ার্ডে ভোটার রয়েছে ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী এবং ১ লাখ ১২ হাজার ৮২৬ জন পুরুষ। ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন দুজন।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করে সরকার। এরপর ২০১২ ও ২০১৭ সালে দুবার নির্বাচন হয়।

দুটি নির্বাচনেই জয় পান মনিরুল হক সাক্কু। এবারও তিনি প্রার্থী হয়েছেন, তবে দল ভোট বর্জন করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন।

নির্বাচনে আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, স্বেচ্ছাসেবক দলের আরেক নেতা নিজামউদ্দিন কায়সারও আছেন ভোটের মাঠে। বাকি দুই মেয়র প্রার্থী হলেন কামরুল আহসান বাবুল এবং ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম।