নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আবদার আলী (৪৮) নামে এক পথচারী মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি উপজেলার পুটিমারী ইউনিয়নের মন্থনা গ্রামের মৃত খোকা মামুদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা শহরের চারতলা ভবন বাজার হতে বের হয়ে প্রধান সড়কের দিকে আসার সময় টেংগনমারীগামী একটি মোটরসাইকেল আবদার আলীকে ধাক্কা দেয়।

এ সময় আবদার আলীর মাথায় ও মুখে প্রচণ্ড রক্তক্ষরণ হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরীগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

কিশোরীগঞ্জ থানার ওসি রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।