বার বার ভোটকেন্দ্রে প্রবেশ, গাড়িতে বসে থাকতে হলো এক ঘণ্টা

নিজের ভোট দেয়ার পর বারবার কেন্দ্রে প্রবেশ করার খেসারত দিলেন আব্দুল মতিন। কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের এই ভোটারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জেল, জরিমানা না করে এক ঘণ্টা গাড়িতে বসিয়ে রেখে ছেড়ে দেন।

ছাড়া পেয়ে উৎফুল্ল আব্দুল মতিন বলেন, আমার পাওয়ার সম্পর্কে অফিসার জানেন না। জানলে গাড়িতে বসাইয়া রাখতেন না।

সম্মানহানি হবে এই আশঙ্কায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তার নিজের পরিচয় দেননি বলে দাবি করেন এই নৌকার সমর্থক।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ দিকে চলে এলেও ভোটারদের উপস্থিতি নেই। বেশিরভাগ কেন্দ্র ফাঁকা।

এদিকে সকাল থেকে তেমন কোনো বিশৃঙ্খলার খবর না পাওয়া গেলেও কেন্দ্রের সামনে অযাচিত ঘোরাফেরা, ভোটার না হয়েও কেন্দ্রে ঢোকার অপরাধে মতিনের মতো আরো অনেকক সাজা দেয়া হয়েছে। কাউকে সাতদিন, কাউকে তিনদিনের জেল দেয়া হয়েছে। জরিমানাও করা হয়েছে অনেককে।

আব্দুল মতিনের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি কুমিল্লা মিশন স্কুলের ভোটার ছিলেন। যেটি নগরের ৯ নম্বর ওয়ার্ডে আওতাভুক্ত।

কি কারণে তাকে গাড়িতে বসিয়ে রাখা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বারবার কেন্দ্রের মধ্যে ঢুকছিলাম। স্যার মনে করেছে আমি জাল ভোট দিতাছি। সমস্যা নাই। এক ঘণ্টা বসাইয়া রাখছে।