নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় থাকা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিষয়টি ‘পাস্ট অ্যান্ড ক্লোজড’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোট গ্রহণ শেষে বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘সংসদ সদস্য বাহাউদ্দিনের বিষয়টি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আপনারাও করেছেন। নির্বাচন (কুমিল্লা সিটি নির্বাচন) পরিসমাপ্ত হয়েছে, এখন ওই বিষয় নিয়ে কোনো মন্তব্য আমি করব না। আমার দৃষ্টিতে এটা পাস্ট অ্যান্ড ক্লোজড।’
সম্প্রতি ওই নির্বাচনের প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘন করায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য বাহাউদ্দিনকে চিঠি দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। তবে তিনি সেই নির্দেশ মানেননি। বরং বাহাউদ্দিন অভিযোগ তোলেন, সেই চিঠির ভাষা ঠিক ছিল না এবং তা (ইসির) এখতিয়ারবহির্ভূত।
বুধবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভিক্টোরিয়া কলেজিয়েট হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়ে বাহাউদ্দিন বাহার বলেন, ‘আমাদের নেত্রী যা চান তা হলো একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন। আমিও আমার এখানে তা চাই। আইন সবার জন্য সমান। আমি খুব দুঃখ পেয়েছি, একজন নির্বাচন কমিশনার বলেছেন, আমি আইন ভঙ্গ করেছি। কিন্তু, আমি কীভাবে আইন ভাঙলাম? তিনি আমাকে যে চিঠি দিয়েছেন তা এখতিয়ার বহির্ভূতভাবে দিয়েছেন।’