চট্টগ্রামের সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহত রোগীদের খোঁজখবর নিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ। গতকাল বুধবার ইনস্টিটিউটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৮ জন রোগী এবং আইসিইউতে থাকা দুজন রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।
ডাইফ মহাপরিদর্শক কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। যারা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুদানের চেক এখনো পাননি তাদেরকে শিগগির চিকিৎসা সহায়তা অনুদানের চেক হস্তান্তরের আশ্বাসও দেন তিনি। এ সময় মহাপরিদর্শকের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্মমহাপরিদর্শক (স্বাস্থ্য) ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপমহাপরিদর্শক (ঢাকা) এ কে এম সালাউদ্দিন প্রমুখ।