রাজধানীতে দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যায় জড়িত থাকার অভিযোগে মো. রিপন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকেলে ঝালকাঠি জেলার নলছিটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এই তথ্য জানিয়েছে।
গত ২৭ মার্চ ভোরে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ছিনতাইকারীদের হাতে খুন হন ডা. বুলবুল। এ ঘটনায় এ নিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার জানিয়েছেন, এই হত্যার ঘটনায় আগে গ্রেপ্তার ব্যক্তিদের জবানবন্দিতে রিপনের নাম আসে। এই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন রিপন। তিনি ছিনতাইকারী দলটির নেতা।
বুলবুলকে হত্যার পর রিপন নলছিটিতে পালিয়ে ছিলেন। তার বাড়ি ওই এলাকায়।