ফ্রান্সের কাছে ৩-৪ গোলে হেরে ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বাদ পড়ে আর্জেন্টিনা। এর পর থেকেই যেন নিজেদের গড়ে তোলার শুরু আর্জেন্টিনার। সেই কাজটা মেসিরা কতটা ভালোভাবে করতে পেরেছেন, এটা তাদের চলমান অপরাজেয় যাত্রাতেই স্পষ্ট। গত বিশ্বকাপের গ্রুপ পর্বে যে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা, সেই ক্রোয়েশিয়া দলেরই অন্যতম তারকা লুকা মদ্রিচও ৩৩ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনার বতর্মান দলকে নিয়ে রোমাঞ্চিত।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে মদ্রিচ বলেছেন, ‘গত বিশ্বকাপে আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছি এবং জিতেছি। এখন দলটির দিকে তাকিয়ে আমি দেখছি, ওরা খুবই ভালো। কয়েক বছর আগের চেয়ে এই দলকে শক্তিশালী মনে হচ্ছে আমার কাছে।’ আগের সেই আর্জেন্টিনা আর এখনকার আর্জেন্টিনার মধ্যে বেশ পার্থক্য চোখে পড়ছে মদ্রিচেরÑ এমন প্রশ্নে চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বলেন, ‘তারা আগের চেয়ে আরও বেশি একতাবদ্ধ। তারা বেশি ম্যাচ হারেনি। এটাই অনেক কিছু বলে দেয়। মেসি আছে বলেই তারা বিশ্বকাপের অন্যতম ফেভারিট। মেসি ভিন্ন এক খেলোয়াড়।’
আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে এরপর তারা খেলবে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।