সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ নির্ঝর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২২ এর উদ্বোধন করেছেন। এ উপলক্ষে সেনাবাহিনীপ্রধান নির্ঝর আবাসিক এলাকায় একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সেনানিবাসসহ দেশের সকল সেনানিবাস, সকল ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় সেনাসদর ও সেনাবাহিনীর ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দসহ সকল পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন। একই সঙ্গে সকল সেনা অঞ্চলে ওই অঞ্চলের এরিয়া কমান্ডারগণ নিজ নিজ জনবলসহ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা নিশ্চিত করেন। এ বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘বৃক্ষপ্রাণে

প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে।