কক্সবাজারের উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাঁড়াশি অভিযানে একটি আমেরিকার তৈরি অটোমেটিক রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চালানো এই অভিযানে আমেরিকার তৈরি অটোমেটিক রাইফেলসহ ৪টি আগ্নেয়াস্ত্র ও কয়েক শ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
অভিযান চালাতে গিয়ে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন পুলিশের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি হয়।
মোহাম্মদ কামরান হোসেন বলেন, ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চলাকালে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল (COLT, USA) এবং বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করা হয়। গুলির পরিমাণ প্রায় পাঁচ শ রাউন্ড।
অপরদিকে, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের দল ক্যাম্পের পাহাড়ি এলাকায় ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে ৪ টি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে।