সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের বাড়তি চাপ পড়েছে।
সরেজমিনে দেখা যায়, এদিন সকাল থেকে শত শত যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে বৃষ্টি থাকায় ফেরিতে লোড-আনলোডিংয়ে অতিরিক্ত সময় লাগছে।
অপরদিকে নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে অন্তত ১০-১৫ মিনিট বেশি সময় লাগছে। এতে দুই পাড়েই যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানিয়েছেন, ছোট-বড় মিলে ২০ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এতে সন্ধ্যার আগেই ঘাট এলাকা স্বাভাবিক হয়ে যাবে। অগ্রাধিকার ভিত্তিতে ছোট যানবাহন ও যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে।
ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাট এলাকার নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী সকাল ১০ টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে ঢাকামুখী ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া প্রান্তে ব্যক্তিগত যানবাহন, যাত্রীবাহী বাস মিলে শতাধিক ও ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে। তবে বেলা বাড়ার সাথে যানবাহনের সংখ্যা বাড়ছে।