৪১ হলে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’। নিরব-মিথিলা-নওশাবা অভিনীত ছবিটি প্রথম দিনে বেশ ভালো দর্শক পাচ্ছে বলে জানা গেছে। এদিকে সিনেমা মুক্তির একদিন আগে পরিচালক অনন্য মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আক্ষেপ তুলে ধরেন।
অনন্য মামুন বলেন, ‘আমি তো নতুন আলো দেখতে পাচ্ছি, ঈদ ছাড়া কবে এক সাথে এক সপ্তাহে দুটি বড় সিনেমা রিলিজ হয়েছে সেটা ভুলেই গিয়েছিলাম আমরা.... তালাশ ও অমানুষ মিলিয়ে ৯০ অধিক সিনেমা হলে রিলিজ হচ্ছে এটা চলচ্চিত্রের জন্য অনেক সম্ভাবনার খবর।’
চলচ্চিত্রের জন্য সংগঠনের দরকার নেই জানিয়ে অনন্য মামুন বলেন, ‘চলচ্চিত্র শিল্প বাঁচাতে সংগঠন দরকার নেই, চলচ্চিত্র দরকার। আজ খুব খুশি হতাম যদি চলচ্চিত্রের ১৯ সংগঠন ‘তালাশ’ ও ‘অমানুষে’র সাথে প্রচারণায় অংশ নিতো। ১৯ সংগঠন বিভিন্ন হলে বা মানুষের মাঝে গিয়ে চলচ্চিত্র দেখার জন্য আহ্বান করত। জানি আপনারা করবেন, কারণ চলচ্চিত্র বাঁচাও আপনাদের মুখের কথা মনের কথা না। আপনাদের ছাড়াই আমাদের চলতে হবে।’
পরিশেষে মামুন বলেন, ‘ধন্যবাদ জানাই সকল পত্রিকার বিনোদন সাংবাদিক ও সোশ্যাল মিডিয়ার ভাইদের যারা আমাদের সাহস দিয়ে যাচ্ছে। সকল হল মালিক ও বুকিং এজেন্টেদের বলবো চলচ্চিত্র এখনে বেঁচে আছে আপনাদের জন্য।’