অন্যদের উদ্ধার করতে গিয়ে বন্যার পানিতে ডুবে যুবক নিখোঁজ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে আক্কাস আলী (২৭) নামে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ যুবক দুর্গাপুর পৌরশহরের দশাল এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

শুক্রবার বিকেলে উজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচি গ্রামে এ নিখোঁজের ঘটনা ঘটে। 

স্থানীয়ভাবে জানা যায়, বন্যায় চেলাচী গ্রামের নিখোঁজ আক্কাসের আত্মীয় আব্দুল বারেকের বাড়ি-ঘর তলিয়ে যাওয়ার খবর শুনে ওই যুবক লোকজন নিয়ে উদ্ধারের জন্য যায়। পথে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনের বন্যার পানির প্রবল স্রোতে আক্কাসসহ তার সঙ্গে থাকা তিনজন পানিতে পড়ে যায়। তিনজন সাঁতার কেটে উঠে আসতে পারলেও নিখোঁজ থাকেন আক্কাস আলী। বিষয়টি স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুর ইসলাম জানান, শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসলে উদ্ধার কাজ চালানো হবে।

দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।