গাজীপুরে লেকে গোসলে নেমে পানিতে ডুবে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ফরহান শাহরিয়ার ফাহিম (২০)। তিনি রাজধানীর দক্ষিণখান এলাকার একেএম শফিউল আলমের ছেলে। ফাহিম গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইসি) বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় আইইউটির ব্যাচেলর অব সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফরহান শাহরিয়ার ফাহিম বিশ্ববিদ্যালয়ের মাঠে সহপাঠীদের সাথে ফুটবল খেলা শেষে লেকে গোসল করতে নামে। এসময় সে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। অন্য শিক্ষার্থীদের চিৎকারে আনসার নুরুল ইসলাম ফাহিমকে পানি থেকে উদ্ধার করে সহপাঠীদের সহযোগিতায় স্থানীয় তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা রাজিব হোসেন বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।