খালেদা জিয়া বিশ্বের গণতন্ত্রের প্রতীক : টুকু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুধু এ দেশের নয়, সারা বিশ্বের গণতন্ত্রের প্রতীক। যিনি আজীবন এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজকেও সেই গণতন্ত্রের জন্য তিনি ত্যাগ স্বীকার করছেন।’

গতকাল শুক্রবার মালিবাগ বাজার এলাকায় জামিয়া শারইয়্যাহ মাদ্রাসায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় মাদ্রাসার ৫ শতাধিক এতিম ছাত্রের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন যুবদল নেতারা।

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, ‘এই সরকারের আমলে কোনো ধর্মের মানুষ শান্তিতে নেই। বড় বড় আলেমদের অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করেছে। তাদের রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে। মিথ্যা অপবাদ দিয়ে চরিত্র হনন করেছে। আওয়ামী লীগের কাছে কেউ নিরাপদ নয়। অথচ বিএনপির আমলে সব ধর্মের মানুষ একই ছাতার নিচে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাস করেছে।