আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) জন্য আইনজীবীদের নিয়ন্ত্রণ ও সনদ প্রদানকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১০ হাজার ২৫৭ জন উত্তীর্ণ হয়েছে।
শুক্রবার (১৭ জুন) সারাদেশ থেকে এবার এ পরীক্ষায় ৪০ হাজার ৬৯৫ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষা শেষে রাতেই ফল প্রকাশ করা হয়। তবে ২৭ পরীক্ষার্থীর ফলাফল অপেক্ষমাণ করে রাখা হয়েছে।
যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন তাদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর তাদের মৌখিক পরীক্ষা দিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করতে পারবেন।