সন্দ্বীপে ২৩৯, নেত্রকোনায় ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড

দেশের অধিকাংশ জায়গায় বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম জেলার সন্দ্বীপে ২৩৯ মিলিমিটার। এছাড়া নেত্রকোনায় ২০৬ মিলিমিটার, চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৮৮ মিলিমিটার, কিশোরগঞ্জের নিক্‌লিতে ১৩৫ মিলিমিটার, ময়মনসিংহে ১২৬ মিলিমিটার ও সিলেটে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আজ শনিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।