সিরাজগঞ্জের রাউতারা স্লুইসগেট সংলগ্ন রিং বাঁধ ভেঙে শাহজাদপুরসহ চলনবিলের পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের ৮ উপজেলার প্রায় ৪৫ হাজার হেক্টর ফসলের মাঠ বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
অতিবর্ষণ ও উজানের ঢলের চাপে শুক্রবার রাত ১০টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা রিং বাঁধটি ভেঙে যায়।
ফসল রক্ষার জন্য সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে অস্থায়ী এ বাঁধটি নির্মাণ করে। ১৫দিন আগে এ অঞ্চলের সব মাঠের ধান কাটা শেষ হয়ে যাওয়ায় বাঁধটি কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে।
রাউতারা গ্রামের মামুন, তুহিন ও টুলি বেগম জানান, উজানের ঢল ও অতিবর্ষণের কারণে গত কয়েক দিন ধরে শাহজাদপুর উপজেলার করতোয়া, বড়াল, হুরাসাগরসহ সব নদ-নদীতে বন্যার পানি হু হু করে বাড়ছে। ফলে অস্থায়ী এ বাঁধটি প্রবল পানির চাপে দুর্বল হয়ে শুক্রবার রাতে ভেঙে যায়।
এ অঞ্চলের ৩ হাজার হেক্টর গো-চারণ ভূমি বন্যার পানিতে ডুবে যাওয়ায় কৃষকেরা তাদের গবাদিপশু উঁচু স্থানে সরিয়ে নিয়েছেন। ঘাসের জমি ডুবে যাওয়ায় গো-খাদ্যের সংকট সৃষ্টি হয়েছে। এ ছাড়া, তিল, কাউন, বাদাম, ভুট্টা, শাক-সবজি ও নেপিয়ার ঘাসের ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রামের কাঁচা রাস্তা-ঘাট বন্যার পানিতে ডুবে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, বাঁধটি ফসল রক্ষার জন্য নির্মাণ করা হয়েছিল। ফসল উঠে যাওয়ায় বাঁধটি ভেঙে গেলেও কৃষকের তেমন কোন ক্ষতি হয়নি।