১৪ দলের সমাবেশে আমু

আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়

জনগণ যাদের ক্ষমতার উৎস তাদের অন্য কোনো শক্তির কাছে জিম্মি হতে হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হোসেন আমু। তিনি বলেন, ‘আমাদের বিদেশে কোনো প্রভু নেই। আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়।’

গতকাল শনিবার বিকেলে ১৪ দল আয়োজিত আনন্দ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে আমু এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে ১৪ দল এই আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

আগামী ২৫ জুন বাঙালি জাতির জন্য আরও একটি বিজয় উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘১৯৭১ সালে বিজয় লাভ করার পর দেশবাসী যেভাবে আনন্দ করেছিল, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিনে আমরা একইভাবে আনন্দ করব।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, ১৪ দলের কেন্দ্রীয় নেতা ড. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।