গাজীপুরে ৩ কলোনিতে আগুন বেনাপোলে পুড়ল ৩ ট্রাক

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে দুটি কলোনি এবং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে  অপর একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালের এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানিয়েছে, কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা হাজিবাড়ি এলাকায় আব্দুল কাদের আলীর কলোনির ভাড়াটে আলামিনের কক্ষের গ্যাস সিলিন্ডার লিকেজ ছিল। গতকাল সকাল ৬টার দিকে রান্নার সময় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তে আগুন পুরো কলোনি এবং পাশের সামাদ মিয়ার কলোনিতে ছড়িয়ে পড়ে। বাসিন্দারা আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১  ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দুটি কলোনির ৫০টি কক্ষ, কক্ষের ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। বাসিন্দাদের দাবি, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একই দিন কালিয়াকৈরের আটাবহ সোহাগীরটেক এলাকায় বেলা ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পিয়ার আলীর কলোনির একটি কক্ষে আগুন লাগে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ওই দুটি অগ্নিকা-ের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

এদিকে বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা ব্লিচিং পাউডার ও তুলাবাহী ৩টি ট্রাক আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, পেট্রাপোল সেন্ট্রাল টার্মিনালে থাকা ব্লিচিং পাউডারের একটি ট্রাকে প্রথমে আগুন লাগে। সে সময় গাড়িতে কোনো চালক ছিল না। ট্রাকটির পাশে থাকা আরও দুটি তুলার ট্রাকে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। বাকি ট্রাকগুলোকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। 

ভারতের ওই বন্দর কর্মকর্তা আরও জানান, গত মাসে বেনাপোল বন্দরে একইভাবে ব্লিচিং পাউডারবোঝাই ৫টি ট্রাকে আগুন লাগে।