প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বহুল আলোচিত গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ মোঃ এনামুল হককে (৫৩) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার রাতে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর একটি আভিযানিক দল রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এনামুল হক গোপালগঞ্জের কোটালীপাড়ার মৃত শেখ আব্দুল মজিদের ছেলে।

জানা যায়, ২০০০ সালে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় জনসভার অদূরে ৭৬ কেজি ওজনের বোমা পুতে রাখার ঘটনায় কোটালীপাড়া থানায় হত্যাচেষ্টা, হত্যার ষড়যন্ত্র ও বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু হয়। তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালের ২৩ মার্চ শেখ মোঃ এনামুল হকসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।