ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সিরাজুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান ডিইউজের নেতৃবৃন্দ।
রবিবার এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন উদ্বেগ প্রকাশ করে এই দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, এ ধরনের অতর্কিত হামলায় গোটা সাংবাদিক সমাজ উদ্বিগ্ন ও আতঙ্কিত। শুধু সাংবাদিক হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেও তার যে নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে, এ হামলার মধ্য দিয়ে তাও লঙ্ঘিত হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন নিয়ে সিরাজুজ্জামানের ওপর হামলাকারীরা তাঁকে হুমকি ধামকি দিয়েছে। এ ঘটনায় যে মহলই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় এনে এই হামলার উদ্দেশ্য খুঁজে বের করা উচিত।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, অতীতেও সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনা ঘটেছে; যার সুনির্দিষ্ট প্রতিকার সাংবাদিক সমাজ আজও পায়নি। হামলা করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত রাখা যাবে না। বরং হামলাকারীদের মুখোশ জাতির সামনে উন্মোচিত করার কাজ সাংবাদিকরা করবে।
উল্লেখ্য, শনিবার রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় সিরাজুজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সিরাজুজ্জামানকে গালে, বুকে, মাথায়, হাঁটু, পেটে ও পিঠে লাঠিসোঁটা দিয়ে মারতে থাকে এবং শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। তার কাছে থাকা নগদ সাড়ে তিন হাজার টাকা ও তথ্য অধিদপ্তর থেকে দেওয়া সাংবাদিক পরিচয়পত্রটি নিয়ে নেয় হামলাকারীরা। পরে সিরাজুজ্জামান শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং সেখানে তার ঠোঁটে দশটি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।