কক্সবাজারের পেকুয়া ও দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বজ্রপাতে তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লারপাড়া এলাকায় বেড়িবাঁধের বাইরে নৌঘাটে বজ্রপাতে মারা যান চুল্লারপাড়ার জাকের উল্লাহর ছেলে মো. ইমতিয়াজ (২২) ও দক্ষিণ ধুরুং কাঁচা এলাকার ছাবের আহমদের ছেলে মো. করিম (২৮)। তারা ফিশিং বোটের মালামাল কিনতে বাঁশখালী যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন। আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে।
অপরদিকে, পেকুয়ায় বজ্রপাতে রমজান আলী (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। রমজান আলী আব্দুপাড়ার মো. হোসেনের ছেলে। পেশায় তিনি জেলে ছিলেন। এ ছাড়া, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় সাগরে গতকাল সকালে বজ্রপাতে মো. দিদার নামে এক ব্যক্তি মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম বড়ঘোনা এলাকার মুক্তিযোদ্ধা মৃত কাশেম আলীর ছেলে দিদার গন্ডামারার বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে বজ্রপাতে মারা যান।