সিলেটে সেনাপ্রধান

ত্যাগের মানসিকতা নিয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে

সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করলে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। তাই সেনা সদস্যদের সর্বাত্মকভাবে ত্যাগের মনোভাব নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। গতকাল রবিবার সিলেটে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাপ্রধান বলেন, দুর্গত মানুষের সহায়তায় যা কিছু করা সম্ভব সেনাবাহিনী তাই করে যাচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা ও সাভারসহ বিভিন্ন সেনানিবাসের সেনাসদস্যদের বন্যার্তদের সহায়তায় নিয়োজিত করা হয়েছে। আরও অনেককে প্রস্তুত রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সকলকে এগিয়ে আসতে হবে।

আইএসপিআর জানায়, গতকাল সেনাপ্রধান সিলেটের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক ও নিকটবর্তী বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং বন্যাকবলিত মানুষদের খোঁজখবর নেন। এ সময় সেনাপ্রধান সেনাবাহিনীর সদস্যদের নিরলসভাবে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা, জরুরি ত্রাণকাজ পরিচালনা, চিকিৎসা সহায়তা দেওয়া এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক সহায়তার নির্দেশনা দেন।