৯৫ অধ্যক্ষের পদ তৃতীয় গ্রেডে উন্নীত

৯৫ জন সরকারি কলেজের অধ্যক্ষের পদকে চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে। গতকাল রবিবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এর অনুমোদন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি চতুর্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে তৃতীয় গ্রেডে যাওয়ার সুযোগ ছিল না। সরকারি কলেজগুলোর মধ্যে অনার্স এবং অনার্স-মাস্টার্স কলেজের বিভাগীয় প্রধানের পদটিও চতুর্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার, আবার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদটিও চতুর্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার। তাই প্রশাসনিক ভারসাম্য আনতে ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের ৯টি কলেজ ও অন্যান্য জেলার ৮৬টি কলেজসহ মোট ৯৫টি কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে।

যেসব কলেজের অধ্যক্ষের পদগুলো তৃতীয় গ্রেডে উন্নীত হয়েছে তারমধ্যে রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ, মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, টঙ্গী সরকারি কলেজ, নরসিংদীর নরসিংদী সরকারি কলেজ, ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, চট্টগ্রামের চট্টগ্রাম কলেজ, সিলেটের এমসি কলেজ, রাজশাহীর রাজশাহী কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ, খুলনার সরকারি বিএল কলেজ, বরিশালার সরকারি বিএম কলেজ অন্যতম।