স্ত্রী-সন্তানকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা, বড় মেয়ের মৃত্যু

রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন রশিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি।

এ ঘটনায় বড় মেয়ে রাফিয়া আক্তার জিম (১১) ঘটনাস্থলেই নিহত হন। স্ত্রী জেসমিন আক্তার ও ছোট মেয়ে রুবাইয়া আক্তার (৪) গুরুতর আহত হয়েছেন।

রবিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল রশিদুল ইসলামের।

সন্ধ্যায় তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন রশিদুল। এতে বড় মেয়ে জিম ঘটনাস্থলেই মারা যান।

এ সময় গুরুতর আহত হয় স্ত্রী জেসমিন আক্তার ও ছোট মেয়ে। এরপর রশিদুল ইসলাম বিষপান করে নিজেই নিজের গলা ছুরি দিয়ে কেটে ফেলেন।

এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রশিদুল, স্ত্রী জেসমিন ও অপর মেয়েকে দ্রুত উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠায়।

পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, 'জমি নিয়ে বিরোধের জেরে রশিদুল ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রশিদুল তার স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।