কর্মচারীদের সুবিধা প্রদানে উদারতার আহ্বান ফায়ার সার্ভিসের মহাপরিচালকের

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী সকল সুবিধা ও ছুটি প্রদানের ক্ষেত্রে উদার হওয়ার পরামর্শ দিলেন।

তিনি বলেন, ‘আইন অনুযায়ী আপনাদের প্রত্যাশিত সকল বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাকে লিখে জানাতে পারবেন। যদি মনে হয় কোনো কারণে আপনার আবেদন আমার কাছে পৌঁছায় না তাহলে আমার ফোনে সরাসরি এসএমএস করে বা ফোন করে আমাকে তা জানাতে পারবেন। এই সুযোগ বাহিনীর সকল সদস্যের জন্য উন্মুক্ত।’

সোমবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এ সব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

সকাল সোয়া ৯টায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালককে অভিবাদন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে দরবারের মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিদুর্ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

‘মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের উন্নত বাংলাদেশ এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের সাথে সংগতিপূর্ণভাবেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সও একটি আধুনিক ও উন্নত বাহিনীতে পরিণত হবে’ বলে বক্তব্যে আশা প্রকাশ করেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক।

পাশাপাশি দেশের ‘উন্নয়ন-অগ্রগতির’ সাথে অগ্নিনিরাপত্তা বিষয়ে যে বর্ধিত চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলার লক্ষ্যে সঠিকভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সকলকে আন্তরিক থাকতে হবে। দায়িত্ব পালনের ব্যত্যয় হলে তা মেনে নেয়া হবে না। আমি সকলের ওয়েলফেয়ার যেমন দেখার চেষ্টা করবো, একই সাথে নিজ দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেলে আমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে জবাবদিহির আওতায় আনতেও দ্বিধা করবো না।’

সকলের সম্মিলিত চেষ্টায় এই বাহিনীর সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এরপর সীতাকুণ্ডের দুর্ঘটনায় সফল নেতৃত্বদানের জন্য মহাপরিচালকের হাতে অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা সম্মিলিতভাবে অভিনন্দন স্মারক তুলে দেন। মহাপরিচালককে অভিবাদন জ্ঞাপন করার মাধ্যমে সকাল সাড়ে ১০টায় দরবার শেষ হয়।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং ঢাকার বিভিন্ন জোনের উপসহকারী পরিচালকগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।