১৯ বছরের দায়িত্ব ছাড়ছেন চেলসির চেয়ারম্যান

ইউক্রেনে রুশ হামলা পৃথিবীতে অনেক কিছু পাল্টে দিয়েছে। তার প্রভাব পড়েছে ক্রীড়া বিশ্বেওচেলসির মালিকানা বিক্রি করে দিতে হয়েছে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচকে।

গত মাসে মার্কিন ধনকুবের টড বোহেলির নেতৃত্বাধীন ব্যবসায়িক গ্রুপ কিনে নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। এবার ইংলিশ ক্লাবটির চেয়ারম্যান পদেও আসছে পরিবর্তন। ৩০ জুন চেলসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন ব্রুস বাক। তার স্থলাভিষিক্ত হবেন ব্লুজদের নতুন মালিক বোহেলি।

আব্রামোভিচ চেলসি কেনার পর ২০০৩ সাল থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বাক। ১৯ বছর পর সেই দায়িত্ব ছাড়ছেন ৭৬ বছর বয়সী আমেরিকান। বাক চেয়ারম্যান থাকাকালীন চেলসি ১৮টি প্রধান শিরোপা জিতে। ক্লাবটির নারী দল জেতে ১২ শিরোপা।

তবে স্টামফোর্ড ব্রিজ ছেড়ে যাচ্ছেন না বাক। চেলসির ‘জ্যেষ্ঠ উপদেষ্টা’ হিসেবে সমর্থন দিয়ে যাবেন তিনি। বাক বলেন, ‘এখনই সঠিক সময় পদত্যাগের এবং ক্লাবে নতুন মালিকদের শক্ত ভিত্তি গড়তে দেওয়ার।’

মার্কিন ব্যবসায়ী বোহেলি কনসোর্টিয়াম চেলসি কিনে নেয় ৪.২৫ বিলিয়ন পাউন্ডে। ন্যাটোতে যোগ দিতে চাওয়া ইউক্রেনে রুশ সেনাবাহিনীর হামলায় ইউরোপের বিভিন্ন দেশে নিষিদ্ধ হন রাশিয়ার ধনকুবেররা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিকটজন হওয়ায় ‘খড়্গ’ নামে আব্রামোভিচের ওপরেও। যুক্তরাজ্যে নিষিদ্ধ হওয়ায় কারণে গত মার্চে তিনি চেলসি বিক্রি করে দেওয়ার কথা জানান।