প্রধানমন্ত্রীর বন্যা পরিস্থিতি পরিদর্শনের প্রস্তুতি সম্পন্ন

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে মঙ্গলবার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন সকালেই তিনি সিলেট এসে পৌঁছবেন বলে জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহম্মদ মোশাররফ হোসেন।

বিভাগীয় কমিশনার জানান, প্রধানমন্ত্রী সকাল ৮টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা দেবেন। হেলিকাপ্টার থেকে নেত্রকোনার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবেন। এরপর যাবেন সিলেট সার্কিট হাউসে। সেখানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বন্যাকবলিত এলাকা পরির্দশনে যাবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিলেটে সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বাহিনীসহ সংশ্লিষ্টরা সোমবারই সিলেটে পৌঁছেছেন। তারা প্রধানমন্ত্রীর সফরকালীন নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে কর্মপন্থা নির্ধারণ করেছেন। নগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।  

এর আগে রবিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি দেখতে মঙ্গলবার হেলিকপ্টরযোগে সিলেট যাবেন। যাওয়ার সময় তিনি নেত্রকোনার পরিস্থিতিও পর্যবেক্ষণ করবেন।

নেত্রকোনায় উড্ডয়নকালে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি নিচু হয়ে যাবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এর মধ্য দিয়ে তিনি নেত্রকোনার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

সিলেট ও সুনামগঞ্জে গত বুধবার প্রবল বন্যা দেখা দেয়। বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। সেদিন বিকেল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। তলিয়ে যায় সিলেট ও সুনামগঞ্জ জেলা।