দেশে প্রথমবারের মতো বাবা দিবসে ২৫ বাবাকে সম্মানিত করেছে ‘গর্বিত বাবা ফাউন্ডেশন’। গত রবিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর চৌধুরী নাফিজ শারাফাত।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের পর স্বাগত বক্তব্য দেন গর্বিত বাবা ফাউন্ডেশনের সেক্রেটারি মেহেদী হাসান। তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ‘আন্ডারস্ট্যান্ডিং ড্যাড’ এবং ‘বাবাকে জানো’ প্রোগ্রাম চালু থাকবে। ‘বাবা’ নামে একটি ত্রৈমাসিক ম্যাগাজিন বের করা হবে। যেখানে থাকবে ছবি, চিত্রাঙ্কন, স্মৃতিকথা, ছোটগল্প ও কবিতা। সংগঠনটির বড় একটি স্বপ্ন আছে, তারা একটি ‘আনন্দ আশ্রম’ প্রতিষ্ঠা করবে। বৃদ্ধ বাবারা যাতে শেষ দিনগুলো সুন্দরভাবে আনন্দঘন পরিবেশে উদযাপন করে তার জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে।
এরপর দেশসেরা খুদে শিল্পী জাইমা নূর বাবাকে নিয়ে গানটি পরিবেশন করে।
প্রত্যেক বাবা তার সন্তান ও পরিবারকে নিয়ে আলাদাভাবে বাবা দিবসের কেক কেটেছেন। উপস্থাপক শান্তা জাহানের সঞ্চালনায় বাবাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং উত্তরীয় পরিয়ে দেন বিশেষ অতিথিরা।
অনুষ্ঠানে গর্বিত বাবা ফাউন্ডেশনের সভাপতি দিলীপ কুমার আগারওয়ালা বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে থাকুন। সমর্থন দিন। এই সংগঠগনকে আমরা অনেক দূর নিয়ে যাব।’
ড. চৌধুরী নাফিজ শারাফাতের বাবা শারাফাত হোসেন চৌধুরীকে বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া অন্য অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন দিলীপ কুমার আগারওয়ালার বাবা অমিও কুমার আগারওয়ালা, সামাউন আহমেদ মৌসুমীর বাবা বশির আহমেদ, কাওসার আহমেদের বাবা আলী আকবর, সালাউদ্দিন চৌধুরীর বাবা আবদুল আজিজ চৌধুরী, হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ, বিদ্যা সিনহা সাহা মিমের বাবা বীরেন্দ্র নাথ সাহা, বাপ্পি চৌধুরীর বাবা ননী গোপাল সাহা, ড. গোলাম মাহমুদুর রায়হানের বাবা আতাউর রহমান, কিশোর কুমার দাসের বাবা হরিপদ দাস, মাশরাফী বিন মোর্ত্তজা এমপির বাবা গোলাম মোর্ত্তজা, জ ই মামুনের বাবা গাজী আবদুল লতিফ, তৌহিদ আফিদ্রীর বাবা নাসির উদ্দিন সাথী, অমিত কুমার পাল ও মৃণাল কুমার পালের বাবা উত্তম কুমার পাল, শরিফা চৌধুরীর বাবা আবদুল গাফ্ফার চৌধুরী, আবদুল্লাহ আল মামুনের বাবা বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, ড. মোহাম্মদ আসাদুজ্জামানের বাবা আজিজুল হক, শাকিল আহমেদ ভাস্কর ও ইঞ্জিনিয়ার শাহরির আহমেদ শিল্পীর বাবা সিরাজ উদ্দিন আহমেদ, দিলশাদ নাহার কনার বাবা দৌলত উল্লাহ, আবু সায়েমের বাবা আলমগীর হোসেন, রুকন উল হাসানের বাবা নজরউদ্দিন, পানিসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের বাবা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. আবুল হাশেম মিয়া, তাহসান রহমান খানের বাবা সানাউর রহমান খান, সিয়াম আহমেদের বাবা অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ, রেদওয়ান রনির বাবা রজব আলী।