বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর বড় মেয়ে সামিহা রুদবা চৌধুরী (১৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
সামিহা এ বছর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (ইংলিশ মিডিয়াম) থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বাংলাদেশ এলিমেন্টারি স্কুল থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি ও জেএসসি পাস করেছিলেন।
আজ জোহর নামাজের পর নগরীর খলিফাপট্টি বায়তুন নূর জামে মসজিদের সামনে প্রথম এবং বাদ আসর নামাজের পর পটিয়া এয়াকুবদণ্ডীর নোয়াজি মুনসী জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামিহাকে দাফন করা হয়।
সামিহা রুদবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামসহ আরও অনেকে।
তারা সামিহা রুদবার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।