প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপিকে বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ পদকে ভূষিত করা হয়েছে। স্কাউট আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদক দেয়া হচ্ছে।
আগামী ২৭ জুন বিকেল ৫টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ স্কাউটসের ৫০ তম বার্ষিক সাধারণ সভায় রাষ্ট্রপতি ও চিফ স্কাউটস মো. আবদুল হামিদ এ পদক প্রদান করবেন।
পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী জানান, স্কাউট আন্দোলন শিশুদের মধ্যে নিয়মানুবর্তিতা, কর্তব্যপরায়ণতা, দেশপ্রেম, সৌহার্দ্য-সম্প্রীতি সৃষ্টিতে বিশাল ও বিরাট ভূমিকা পালন করে। তাই শিশুদের মাঝে এসব গুণাবলি অর্জন করতে স্কাউট আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে; এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।
তিনি পদক প্রদানের জন্য বাংলাদেশ স্কাউটসের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান স্কাউটসের সর্বোচ্চ পদক অর্জন করায় প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সংগঠনের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক গত ১৯ জুন প্রতিমন্ত্রীকে চিঠি দিয়ে পদক প্রদানের বিষয়টি প্রতিমন্ত্রীকে অবহিত করেন।